শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

নতুন চুক্তিতে কত পারিশ্রমিক পাবেন রোনালদো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন চুক্তিতে কত পারিশ্রমিক পাবেন রোনালদো?

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও কমছে না তাঁর চমক দেখানো পারফরম্যান্স। সবুজ গালিচায় পায়ের শৈল্পিক কারুকার্যে এখনো দশর্কদের নজর কাড়তে বাধ্য করেন। রোনালদোর এমন পারফরম্যান্সে পড়ন্ত বেলায় এসেও তছনছ হচ্ছে পারিশ্রমিকের রেকর্ড বই। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে সম্প্রতি চুক্তি নবায়ন করে পারিশ্রমিকের অঙ্কে নজির গড়েছেন তিনি।

২০২৩ সালে রেকর্ড পারিশ্রমিকে আল নাসরে যোগ দেন রোনালদো। নতুন চুক্তিতে এর পরিমাণ বেড়েছে আরও। সৌদির স্থানীয় সংবাদমাধ্যম আল খবরের রিপোর্টে বলা হয়েছে, এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে রোনালদো পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিনের হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন।

শুধু পারফরম্যান্সে ঝলক দেখাচ্ছেন তা নয়, নতুন এক রেকর্ডে নাম লেখাতে ছুটে চলেছেন দুর্দান্ত গতিতে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন রোনালদো। সঙ্গে ১০০০ গোলে মাইলফলক স্পর্শ করতে নিজেকে উজাড় করে দিচ্ছেন মাঠের ফুটবলে। সৌদি প্রো লিগে পর্তুগিজ বরপুত্রের পারফরম্যান্সে রীতিমতো অবাক হওয়ার দশা ভক্তদের।আল নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ১৭ গোল। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচে করেছেন ৭৫ গোল, অ্যাসিস্ট ১৮টি।

এদিকে, গুঞ্জন আছে ক্লাবের দেয়া প্রস্তাবে রাজি হয়েছেন সিআরসেভেন। শিগগিরই সে চুক্তি দেখবে আলোর মুখ।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।