
ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।