জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রেস সচিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই; এটাকে পেছানোর।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন‘ আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’–এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে, আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যা দেশের ও জাতির জন্য শ্রেষ্ঠ, সেটিই করবেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, আদালত আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবে।

২৪–এর গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই কন্যা ফাউন্ডেশন‘ সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. নাবিলা ইদ্রিস।

এছাড়া উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ–উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, প্রক্টর এএফএম আরিফুর রহমান, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, জুলাই কন্যা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক নাফিজা শাইমা এবং জুলাই শহিদ নাসিমা আক্তারের বোন কোহিনুর আক্তার।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More