
চিত্রনায়িকা পপির মা আর নেই

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খ্যাতনামা পরিচালক বদিউল আলম খোকন খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মরিয়ম বেগমের প্রথম জানাজা বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম তার। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পরিচিতি পান তিনি।
এরপর ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর দ্রুতই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি।
কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় নায়ক ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ অনেকের বিপরীতে। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তার জুটি একসময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ঢালিউডে একটা সময়ে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর অন্তরালে চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। লম্বা সময় ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। এমন অবস্থায় অভিনেত্রীর মায়ের প্রয়াণের খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।