শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাস পর দেখা গেল খামেনির মরদেহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ চার মাস পর জনসমক্ষে দেখা গেছে। এদিকে তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনিসহ তার পরিবারের পাঁচ সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া।

আগামী ৯ জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এই আনুষ্ঠানিকতা। প্রায় ১০০ দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চার মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লায় নেয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ।

ইরানের ৪৭ বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ৪ জুলাই তেহরানে মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র দুই শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির।

শোকযাত্রায় শামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় ১০০ দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বিশ্বনেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

তবে, ইসরাইলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতাবা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More