বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের পরিচিত মোবাইল অপারেটর ব্র্যান্ড ‘এয়ারটেল‘। দীর্ঘদিনের পরিচিত এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করল ‘সার্কেল’ নামে।
সোমবার (১৭ আগস্ট) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন নাম গ্র্যান্ড ওপেনিং করে রবি আজিয়াটা পিএলসি।
রবি আজিয়াটা জানায়, এয়ারটেল ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ড নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না।
সব এয়ারটেল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’–এর গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
‘সার্কেল’–এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে– ‘আসল সংযোগ, সবসময় সচল।’ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।
তিনি বলেন, ব্র্যান্ড নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
এসএ