মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বংশ ও দুই ছেলের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী বললেন ‘কাকতালীয়’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া জেলার নবগঠিত ৩টি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনার মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বগুড়া জেলার নবগঠিত ৩টি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনার মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অবশ্য প্রতিমন্ত্রী দাবি করেছেন, প্রশাসনিক যাচাইবাছাই ও গণশুনানির পর এসব নাম নির্ধারণ করা হয়েছে। তার সন্তানদের নাম অনুসারে নয়, ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম তার বংশের নামে ‘মীরবাড়ী’ রাখা হয়েছে এবং আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান, সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা। বিগত ফ্যাসিস্ট সময়ে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল। এখন একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরছে।’

মাগরিব নামাজের বিরতির পর প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন।

তিনি বলেন, মোকামতলা এলাকার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন ছিল অনেক বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই–বাছাই এবং গণশুনানি করে নতুন নামকরণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’ ইউনিয়ন।

প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, দেশের বিভিন্ন জায়গায় ‘সীমান্ত ও দিগন্ত’অনেক প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে। ‘কাকতালীয়’ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।’

সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীকে সমর্থন জানান।

মীর শাহে আলম তখন বলেছেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, আমার ব্যাংক। কিংবা খুলনা থেকে পার্বতীপুর যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস’, সেটিও আমার ট্রেন। একইভাবে গুলশান ১এ যে ;দিগন্ত টাওয়ার; রয়েছে, সেটিও আমার।’

এ বিষয়ে, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, উপজেলা প্রশাসনের পাঠানো সুপারিশ ও প্রস্তাবের আলোকে গণশুনানি শেষে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী আমাকে কিছুই বলেননি।

উল্লেখ্য, বগুড়া জেলার শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন ৪টি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।

এই গেজেট রবিবার (১৪ জুন) প্রকাশিত হলে নতুন ৩টি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন ৩টি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More