আবু সাঈদ হত্যা: বেরোবি সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

জুলাই গণ–অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) মামলার শুনানিতে আবু সাঈদ হত্যার ভিডিওচিত্র আদালতে উপস্থাপন করা হয়।

এরপর ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতের সামনে পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবি সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশ সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।

আগামী ১০ জুলাই এ মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারিক প্যানেলে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় কারাগারে থাকা আলোচিত ৪ আসামি হলেন– রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাঈদ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More