
বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার বিভাগে বৃষ্টির সম্ভবনা

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে একই দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বর্ধিত পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে।
এদিকে, কক্সবাজারের টেকনাফে সোমবার (২৫ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।








