দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

সারাদেশে মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক বিঘ্নিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক বিঘ্নিত

গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে মোবাইল ডাটা সার্ভিস ব্যবহার করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। ফলে প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। তবে ব্রডব্যান্ড লাইনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা অব্যাহত রয়েছে।

মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডি, নীলক্ষেত, পলাশী, সায়েন্সল্যাব, গ্রিনরোড, যাত্রাবাড়ী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, টঙ্গী এবং গাজীপুর সিটির বিভিন্ন এলাকা। একইসঙ্গে সারা দেশের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকাগুলোতে একই অবস্থার খবর পাওয়া গেছে।

গ্রাহকরা বলছেন, মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাত থেকেই এমন অবস্থা শুরু হয়েছে। তবে বুধবার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত মোবাইল ডাটা কিছুটা কাজ করলেও এরপর থেকে একেবারেই ব্যবহার করা যাচ্ছে না। ডাটা চালু করার পর ফোরজি সাইন এলেও ফেসবুক ও মেসেঞ্জার কাজ করছে না। পর্যাপ্ত ডাটা থাকার পরও অনলাইনে কোনো কিছুই করা যাচ্ছে না।

বিভিন্ন জেলা থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, তারা মোবাইল ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারছেন না। তবে টু–জি নেটওয়ার্ক চালু থাকায় তারা কেবল ভয়েস কল করতে পারছেন।

যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কিংবা মোবাইল অপারেটর কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে টেলিকম অপারেটরদের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গতকাল বুধবার (১৭ জুলাই) রাতে এনটিএমসি নিজের হাতে সব অপারেটরের মোবাইল ফোরজি সেবা বন্ধ করেছে। বর্তমানে দেশের কোথাও মোবাইলে ফোরজি সেবা পাচ্ছেন না গ্রাহকরা।

উল্লেখ্য, ২০২৪ সালের মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ কোটি ৭৮ লাখ মোবাইল গ্রাহক রয়েছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ