দীপ্ত নিউজ
রাজধানী

রমজানে ভেজালমুক্ত ইফতারি ও খাদ্যের দাবিতে রাজধানীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে ভেজালমুক্ত ইফতারি ও খাদ্যের দাবিতে রাজধানীতে মানববন্ধন
ভেজালমুক্ত ইফতারি ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে আজ শনিবার রাজধানীতে মানববন্ধন করে কয়েকটি সামাজিক সংগঠন।

ভেজালমুক্ত ইফতারি ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন।

শনিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন (বানিপা), গ্রিন ফোর্স, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, বারসিক ও ঢাকা যুব ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

পবা’র কার্যকরী সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী মানববন্ধনে বলেন, প্রতিবছর রাজধানীসহ সারা দেশে প্রচুর ইফতারজাতীয় খাবার বিক্রি হয়। এই সুযোগেই মুনাফাখোর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় ইফতারিতে ভেজাল মেশায়। খাদ্যে ভেজাল এমন একটি নীরব ঘাতক। এতে দেশের অধিকাংশ মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ইফতারিসহ সকল খাদ্য বিষ ও ভেজালমুক্ত করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অনিরাপদ খাদ্য বা ভেজাল খাদ্যে সংক্রান্ত আইন গুলো যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে অসাধু ব্যবসায়ীরা খাদ্য ভেজাল মিশিয়েয পার পেয়ে যাচ্ছেন। নিরাপদ ইফতারের জন্য প্রথম এবং প্রধান হলো পানযোগ্য পানি। কিন্ত বাজারে যার দাম অনেক বেশি। এ রমজানে পানযোগ্য সুপেয় পানি পাবলিক প্লেসগুলোতে সহনীয় মূল্যে পরিবেশনের/বিতরণের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপত্বিতে এবং পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, নাসফের সাধারণ সম্পাদক ও পবা’র সম্পাদক জনাব মো. তৈয়ব আলী, বারসিকের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

 

এসএ/দীপ্ত সংবাদ