দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল শেখ হাসিনা
ব্রিটিশ প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা

যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার স্ত্রী এবং দুই কন্যাও শেখ হাসিনার ভক্ত বলে জানান তিনি।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ঋষি সুনাক এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচি শেষে তার সফর নিয়ে ব্রিফ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।

সাইদা মুনা তাসনিম আরও বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার দুই মেয়ে এবং স্ত্রী শেখ হাসিনার ভক্ত। সুনাক চান তার মেয়েরা যেন শেখ হাসিনার মতো নেতা হন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। বাংলাদেশের জন্য যেকোনো সহায়তায় ব্রিটেন সবসময়ই প্রস্তুত বলেও জানান বাংলাদেশের হাইকমিশনার।

কোভিড–১৯ মহামারি পরবর্তী সময়ে ছয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার কথা উল্লেখ করে সুনাক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উল্লেখযোগ্য।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেন।

৩৫ মিনিট ধরে চলা বৈঠকে দুই নেতা দুই দেশের পারস্পরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সুনাক বলেন, আমাদের সম্পর্ক ৫০ বছরেরও বেশি সময় ধরে চমৎকার। যুক্তরাজ্য বাংলাদেশের সাথে সম্পর্ককে মূল্য দেয়।

বৈঠকের শুরুতে শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঋষি সুনককে অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, আপনি এত অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন! এমন তরুণদের নেতৃত্বে দেখে আমার ভালো লাগছে।

আফ/দীপ্ত সংবাদ