
বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

প্রেমের টানে বিয়ে করতে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছিলেন ৩৫ বছর বয়সী যুবক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের অসম্মতি ও স্থানীয়দের বাধার মুখে বিয়ে না করেই ফিরতে হয়েছে তাকে।
শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছাড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয়, এরপর তিন মাসের প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে এক মাসের ভিজিট ভিসায় বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে ছুটে এসেছিলেন এই চীনা যুবক।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে যান জেকুইন। বিদেশি যুবক প্রেমিকার বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের পরিচয় ভালোবাসায় রূপ নেয়।
তিনি আরও জানান, প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাকে বিয়ে করতে ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠার পর গতকাল সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান।
তামান্না জানান, তিনি ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যেতে চান। তবে তার মা–বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি।
দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় গতকাল মধ্যরাতে জেকুইন বাড়ি ছেড়ে চলে যান।
তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বিয়ের কোনো অনুমতিপত্র তার কাছে নেই।
বিভিন্ন সময় বিয়ের পর ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবক গ্রাম ছেড়ে চলে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তার নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে যে মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন, তার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।








