
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত সোম ও মঙ্গলবার টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছিলো সংস্থাটি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সেইসঙ্গে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।








