দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনার নামে ‘চিঠি’, যা লেখা আছে
ছবি: সংগৃহীত

প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠির শুরুতে লিখা, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা–জয় বঙ্গবন্ধু।’

চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’

একইসঙ্গে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।

এতে আরও লিখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’

চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লিখা রয়েছে।