
ঢাকায় অনুষ্ঠিত হলো গ্লোবাল কোয়ালিটি কনভেনশন আইসিকিউসিসি ২০২৬

মান ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ধারাবাহিক উন্নয়নের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ৫১তম আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ চক্র সম্মেলন (আইসিকিউসিসি–২০২৬) আজ ঢাকায় সফলভাবে সমাপ্ত হয়েছে।
“টেকসই উন্নয়নে কিউসিসি” প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) যৌথ আয়োজনে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে ১৭ টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮ হাজার অংশগ্রহণকারী এবং ৭৯৩টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫২টি দল ভার্চুয়ালি তাদের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করে।
প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে দেশি–বিদেশি মান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে বিএসটিকিউএমের সভাপতি ও আইসিকিউসিসি–২০২৬–এর আহ্বায়ক এ কে এম শামসুল হুদা বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ আয়োজন মানের উৎকর্ষ সাধন ও ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। সম্মেলন সফল করতে অংশগ্রহণকারী দল, বিচারক, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক এবং সংশ্লিষ্ট সবার অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল আইসিকিউসিসি কো–অর্ডিনেশন কমিটির (সিসিএম) সভা, যা প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ১২টি সদস্য সংগঠনের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংগঠনগুলো হলো—বিএসটিকিউএম (বাংলাদেশ), সিএকিউ (চীন), আইকিউএমএ (ইন্দোনেশিয়া), জেইউএসই (জাপান), কেএসএ (দক্ষিণ কোরিয়া), এমপিসি (মালয়েশিয়া), পিকিউসিআরএ (তাইওয়ান), কিউসিএফআই (ভারত), কিউপিএপি (ফিলিপাইন), কিউসিএইচকিউ (থাইল্যান্ড), এসজিপিএ (সিঙ্গাপুর) এবং এসএলএএকিউপি (শ্রীলঙ্কা)। সভায় পূর্ববর্তী সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, টেকনিক্যাল কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৭ সালে ৫২তম আইসিকিউসিসি আয়োজনের জন্য ফিলিপাইনকে আয়োজক দেশ হিসেবে নিশ্চিত করা হয়।
সভায় বাংলাদেশের পক্ষে সিসিএম সদস্য এ কে এম শামসুল হুদা ও এম এম কবির, বিএসটিকিউএমের উপদেষ্টা প্রকৌশলী এ এম এম খায়রুল বাশার।
সিসিএম সভায় আরও উপস্থিত ছিলেন জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জেইউএসই) ব্যবস্থাপনা পরিচালক ও মহাসচিব মাসাতো ওনোদেরা। আইসিকিউসিসির সদস্য সংগঠনগুলোর মধ্যে জেইউএসই সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে এবং আন্তর্জাতিক কিউসিসি আন্দোলনে দিকনির্দেশনা ও ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখে। পরবর্তী আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ফিলিপাইনের কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যাসোসিয়েশন অব দ্য ফিলিপাইনসের (কিউপিএপি) বৈদেশিক সম্পর্কবিষয়ক পরিচালক প্রকৌশলী সিজার আর. ত্রাভিনা সভায় উপস্থিত ছিলেন। একই সংগঠনের রামন ই. নাভারেতে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসির পতাকা ফিলিপাইনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে পরবর্তী সম্মেলন আয়োজনের দায়িত্ব ফিলিপাইনের কাছে অর্পণ করা হয়। ২০২৭ সালে ৫২তম আইসিকিউসিসি ফিলিপাইনের কিউপিএপির আয়োজনে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী কিউসিসি দলগুলোর উপস্থাপনা দেশি–বিদেশি বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দলগুলোকে তিনটি বিভাগে পুরস্কৃত করা হয়—৮০ বা তদূর্ধ্ব নম্বরের জন্য গোল্ড, ৬০ থেকে ৭৯ নম্বরের জন্য সিলভার এবং ৫৯ বা তার কম নম্বরের জন্য ব্রোঞ্জ। দলভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল আইসিকিউসিসি–২০২৬–এর সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সম্মেলনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ৩৬টি উপস্থাপনা কক্ষের প্রতিটির নাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ব্যবস্থাপনার পথিকৃৎ ও বিশেষজ্ঞদের নামে নামকরণ। প্রায় ৭৯৩টি দল উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, ব্যয় হ্রাস, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং সাংগঠনিক উৎকর্ষ সাধনসহ বিভিন্ন বিষয়ে তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করে। প্রায় ১০০ জন দেশি–বিদেশি বিচারক এসব উপস্থাপনা মূল্যায়ন করেন। একই সঙ্গে ৩৬টি কক্ষের সব উপস্থাপনা সরাসরি সম্প্রচার করা হয়, যার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা অনলাইনে সম্মেলনের কার্যক্রম অনুসরণ করতে পারেন।
সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টিম লিমিটলেস টাইট্রেটরের সদস্য মো. রাজিউর রহমান বলেন, “৫১তম আইসিকিউসিসিতে অংশগ্রহণ ছিল সত্যিই অসাধারণ ও উৎসবমুখর এক অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০০টি দলের সমাগম এ আয়োজনকে অনন্য করে তুলেছিল। জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন যোগাযোগ তৈরির এটি ছিল এক দারুণ সুযোগ। আমার পেশাগত জীবনে এটি একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।” তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য বিএসটিকিউএমকেও ধন্যবাদ জানান।
‘কোয়ালিটি অলিম্পিকস’ নামে পরিচিত আইসিকিউসিসি কর্মক্ষেত্রের উন্নয়ন, গুণগত মানের উৎকর্ষ সাধন এবং ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান, অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন সফলভাবে আয়োজন দেশের মান আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং শিল্প ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুণগত মান ও উৎপাদনশীলতার সংস্কৃতি বিকাশের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকায় আইসিকিউসিসি–২০২৬–এর সফল সমাপ্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক কিউসিসি সম্প্রদায় এখন ২০২৭ সালে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ৫২তম আইসিকিউসিসির দিকে তাকিয়ে রয়েছে।








