
মহাখালীর সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও একটি ইউনিট পথে রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ২টি‘সহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এর মধ্যে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও একটি ইউনিট পথে রয়েছে।
উল্লেখ্য, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।








