
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, ‘বিছনাকান্দিতে আজ একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে সে বিওপিতে আছে।’
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।








