দীপ্ত নিউজ
বাংলাদেশ

গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য
সাঈদ খোকন।

 

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আলোচিত এই নেতা ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি ‘মেয়র‘ পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুদ্ধ ছিলেন। এ নিয়ে পরবর্তীতে ২০২০ সালে নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার ‘প্রকাশ্য বিরোধ’ দেখা দেয়।

কেন? কেন? — ২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তার স্ত্রী, মা ও বোনের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র তাপসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে খোকন উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার উপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আজকে এই শহরে মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে চাঁদা তোলা শুরু করে। একটা স্লিপ দিয়ে দেয়। দেয় কি দেয় না বলেন?’

এসময় উপস্থিত অনেকে ‘দেয়’ বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত ব্যক্তিদের কথার রেশ ধরে সাঈদ খোকন আরও বলেন, ‘আমি কী বলব? আরে মানুষের কথা শোনেন। আমি লক্ষ লক্ষ ব্যানার, ফেস্টুন ফেলে দিয়েছিলাম। পরিষ্কার করেছি। আজ সিটি করপোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য — দেশে প্রথমবারের মতো ২০১৯ সালে এক লাখ ডেঙ্গু রোগী শনাক্তের সময় ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন সাঈদ খোকন। আর ২০২৩ সালে তিন লাখের বেশি রোগী শনাক্তের বছরে মেয়র ছিলেন তাপস।

এ নিয়ে ২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় গত বছর (২০২৩) ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে। পরে মিট দ্য প্রেসে সাংবাদিকদের ডেকে সাঈদ খোকন বলেন, “বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার কম। আমি ভদ্রতার জন্য কারও নাম উল্লেখ করছি না। তবে এ ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই, ব্যথিত হই।”

তাপসের নাম উল্লেখ না করেই তাকে উদ্দেশ করে ‘খোঁচা’ দেন খোকন। বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’

উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। চব্বিশের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপেনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।