
প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে ভোট হবে ২১ জানুয়ারি।
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা জানান।
তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১০০২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
কোন ইউনিয়নে কবে ভোট হবে তা আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে জানানো হবে বলে জানান তিনি।
প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে ১০ ডিসেম্বরের আগে। তিন দিন আলোচনা হবে বলে জানান তিনি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা প্রয়োজন সবকিছুই করবে নির্বাচন কমিশন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবি এখনো পায়নি নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।








