শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
জাতীয়

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
বৈদ্যুতিক ট্রেন। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে।

দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্প্রসারণের ফলে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোর ঢাকা–চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়।

পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলে জানান তিনি

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আর আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে।

এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণ দেশের প্রাথমিক পাইলট করিডোরের বাইরে আধুনিক রেল নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা–চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

তিনি বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ।

ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে।

রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা–টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী–জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।

এদিকে, টঙ্গী–আখাউড়া এবং লাকসাম–চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এছাড়া জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলট প্রকল্পটি দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এ নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম পর্যন্ত এ সেবা সম্প্রসারিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এতে দ্রুত যোগাযোগ, রেলওয়ের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। সূত্র: বাসস