দীপ্ত নিউজ
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব‘— বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য ফেসবুক পোস্ট‘টি হুবহু তুলে ধরা হলো—

“আমি এবং আমার পরিবার নাশকতার শিকার। আজ সারাদিন নানাবিধ ঘটনার পাশাপাশি সংসদীয় পদ্ধতিতে অপরাধ লঘূকরণও দেখলাম। একই সাথে অসংখ্য শুভানুধ্যায়ী আমার পাশে দাঁড়িয়েছেন, দলমত পেশা নির্বিশেষে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের।

এতসব ঘটনার মধ্যেও আরও একটা নাগরিক হয়রানির ঘটনা আজ না বললেই না। আমাদের নিরাপত্তা কতটা ভঙ্গুর সেটা বোঝা যায় কাজের ভঙ্গিতে।

আগুন লাগার পর ৯৯৯এ ফোন দিয়ে যোগাযোগে অসমর্থ হয়ে ব্যক্তিগত ভাবে পুলিশের সাথে কথা বলতে হয় আমাকে। ফায়ার সার্ভিস আসতে আসতে তিনভাগ ঘর পুড়ে শেষ!!

তারপর ফায়ার সার্ভিস তো আসল কিন্তু সাথে বিন্দুমাত্র কোন আলামত সংরক্ষণের উপায় আসল না!!

পেট্রোল, ডিজেল জাতীয় তেল উদ্বায়ী পদার্থ, তারওপর পানিতে ধুয়ে যায় নানা প্রমাণাদি। সেই আগুনে পোড়া, পানিতে ভেজা ঘর পড়ে থাকল পুরো ১৩ ঘন্টা!! তারপর আসল ফরেনসিক!!

এই যদি হয় একটা বিস্ফোরণের আলামত সংগ্রহের ঘটনা, তাহলে একবার ভাবুন ধর্ষণ কিংবা খুনের মত অপরাধের কত তথ্য প্রমাণ শুধুমাত্র সঠিক সংরক্ষণ প্রক্রিয়ার অভাবে নষ্ট হয়ে যায়!!

যাইহোক, এতকিছুর পরও আশা করি সুষ্ঠু তদন্ত হবে। যদিও আজকের স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব। তদন্ত চলাকালীন সময় তিনি সংসদে দাঁড়িয়ে বলে দেন রিপোর্ট কি হতে পারে!! আবার মামলার আগেই বলে ফেলেন আমি নাকি জিডি করেছি!

কিমাশ্চর্যম!

হোম মিনিস্টার নিজেই যদি চান রিপোর্ট কেমন হবে,কার ঘাড়ে ক‘টা মাথা যে তার অন্যথা করে!!

উনার এই চশমার ওপর দিয়ে নাকউঁচু করে গুরুগীরি ফলানো, এই স্নবারি, এই কুল ডুড সাজার জন্য কন্টিনিউস ডিনায়াল আসলে উনাকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে!

এমন ভাবে ঠাট্টা করলেন যেন একজন সংসদ সদস্যের গবাদিপশু থাকাটা ভারি অবাক কথা! ভারি মজার কথা!!

উনাকে বলতে চাই, জনাব সবার সম্পত্তি তিরিশ গুণ করে বাড়ে না৷ আর কৃষিপ্রধান দেশে কৃষিখামারকে পেশা হিসেবে নেয়াটা কোন অসম্মানের কাজ না।

আমি আমার চাষবাস, গরুছাগল, হাঁস মুরগী, কবুতরের হালাল উপার্জন নিয়ে অনেক ভালো আছি।

আপনার উন্নাসিকতা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে না, এমনকি আপনি সাধারণ মানুষের চাওয়া পাওয়া সম্পর্কেও অবগত নন।

এ–থেকে আবারও আরেকবার শিক্ষা নিতে হবে যে কেউ ভালো করে কথা বললেই উপকারী এবং যোগ্য হয়ে যায় না। আপনি আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিপূর্ণ ব্যর্থ। বরং নতুন মিনিস্ট্রি খুলে ফেলেন।গুড লাক ফর সংবিধান মিনিস্ট্রি!”