
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট

ন্যায়বিচারের আশায় আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরছেন বিচারপ্রার্থীরা। কেউ হারিয়েছেন জীবনের মূল্যবান সময়, কেউবা মামলা চালাতে বিক্রি করেছেন শেষ সম্বল ভিটেমাটি। রাজশাহীর ৫২টি আদালতে বর্তমানে বিচারাধীন প্রায় ৭১ হাজার মামলা। বিচারক সংকট, সাক্ষীর অনুপস্থিতি আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়া।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আইন উদ্দিন। ৮২ বছর বয়সী এই বৃদ্ধর জমি নিয়ে মামলা চলছে, দুই যুগেরও বেশি সময় ধরে। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখনো অপেক্ষায় আছেন।
একই অভিজ্ঞতা পবা উপজেলার হাট রামচন্দ্রপুর গ্রামের নাইমুল ইসলামের। মামলা চালাতে গিয়ে বছরের পর বছর ঘুরতে হচ্ছে আদালতের বারান্দায়।
আইনজীবীরা জানান, বিচারপ্রার্থীদের এমন ভোগান্তির পেছনে বিচারক সংকটের পাশাপাশি রয়েছে সাক্ষীর অনুপস্থিতি ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি।
রাজশাহীর জেলা ও মহানগরীর ৫২টি আদালতে বিচারাধীন প্রায় ৭১ হাজার মামলা। জেলা ও দায়রা জজ আদালতের ১৪ জন বিচারকের পদের বিপরীতে আছেন ১০ জন। আর চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৮টি পদের বিপরীতে কর্মরত ২২ জন বিচারক। দ্রুত এসব সমস্যার সমাধান চান বিচারপ্রার্থীরা।
ইউসুফ আদনান/এফ/ দীপ্ত নিউজ








