দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। ফাইল ছবি

রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আবাহনী ক্রীড়া চক্রে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিছুদিন আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ।

আবাহনী ক্লাবের প্রতিষ্ঠা ও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ, দূরদর্শী ও অভিজ্ঞ সংগঠককে হারাল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বাদ জোহর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচ বারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে ছিলেন। ফুটবল ফেডারেশন, আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তার পদচারণা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাকে সেরা সংগঠকের সম্মাননাও দিয়েছে। ২০২৩ সালে পেয়েছেন প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।