দীপ্ত নিউজ
খেলা

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি
লিওনেল মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। আরও কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। লিগে আরও কয়েকটি আক্রমণের ক্যাটাগরিতে শীর্ষস্থানে আছেন তিনি—ম্যাচ প্রতি গোলে প্রথম (০.৮৭), গোল অবদানে প্রথম (৪৩), এক ম্যাচে একাধিক গোলে যৌথভাবে প্রথম (৬), প্রতি ৯০ মিনিটের গোলে দ্বিতীয় (০.৯১)।

চলতি মৌসুমে ২৬ গোলের মধ্যে মাত্র একটি এসেছে পেনাল্টি কিক থেকে। মানে ২৫টি গোল করেছেন পেনাল্টি ছাড়া। এমএলএস ইতিহাসে এক মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে ২৮ গোল করে এই তালিকাতে শীর্ষে আছেন তিনি নিজেই।

২০২৫ সালে ২৯ বার গোল করেছিলেন মেসি। প্রতিযোগিতার ইতিহাসে কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করলেন তিনি।

শেষ তিন মৌসুম বিবেচনায় আনলে মেসি সব মিলিয়ে করেছেন ৭৫ গোল। লিগ ইতিহাসে তিন মৌসুম মিলে যা দ্বিতীয় সর্বোচ্চ। টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করে এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি এখন ২০২৩ সালের গোল্ডেন বুট জয়ী ডেনিস বোয়াঙ্গার (২০২৩–২৫) পাশে।

লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। ২০২৬ মৌসুমে তিনি ৪৩ গোলে অবদান রাখলেন। তাতে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার তালিকায় তৃতীয় তিনি।

শেষ তিন মৌসুমজুড়ে মেসি মোট ১২৭ গোলে অবদান রেখেছেন, যা লিগ ইতিহাসে নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের (৯৮, ২০২৪–২৬) চেয়ে ২৯টি বেশি।