দীপ্ত নিউজ
রাজধানী

তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ

আল আমিন
আল আমিন
প্রকাশ:
তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপ

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উত্তরখান থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় তিন এবং ৫ নভেম্বর তৃতীয় দফায় তিন দিন মঞ্জুর করেন আদালত।

গত ৩১ অক্টোবর রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম।

এজাহারে তিনি বলেন, ২৭ অক্টোবর আমার ছেলে তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি। কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ–পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ–পুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।