
নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা–৩) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।








