দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার পর পদ হারালেন সরকারি কর্মকর্তা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার পর পদ হারালেন সরকারি কর্মকর্তা
মোহাম্মদ মসিউর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর দায়িত্ব হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।

তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।

এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএ নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মসিউর রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ মসিউর রহমান।

তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলবো, এটি একটি শাশ্বত বাণী।’

তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

মসিউর রহমান বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা–সমালোচনা।