দীপ্ত নিউজ
রাজনীতি

আপা আসবে তাই চলে যাচ্ছি: আসিফ মাহমুদ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
আপা আসবে তাই চলে যাচ্ছি: আসিফ মাহমুদ
ছবি: আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট।

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৪ নভেম্বর) দিনগত রাত ১২টা দিকে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ এ পোস্ট দেন।

তিনি লিখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে আরও ছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলে ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (ICAPP)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৪ সদস্যের প্রতিনিধিদল।

এই সফর উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংবর্ধিত প্রধান বক্তা হিসেবে সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।