
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিয়েছেন ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন–২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
ঠাকুরগাঁও–১ (সদর–রুহিয়া–ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন–২৩–এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে এরই মধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরল ইসলাম মনি এবং অন্যান্য হুইপ।
সংসদ সচিবালয় সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।








