দীপ্ত নিউজ
ক্রিকেট

‘রান ৪৫০-৫০০ হতে পারত’, সেঞ্চুরি করেও সাদমানের আক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘রান ৪৫০-৫০০ হতে পারত’, সেঞ্চুরি করেও সাদমানের আক্ষেপ
ছবি: সংগৃহীত

সেঞ্চুরির আনন্দের চেয়ে দলীয় ব্যাটিং বিপর্যয়ের আক্ষেপই বেশি সাদমান ইসলামের কণ্ঠে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বুধবার ২১৩ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ব্যক্তিগতভাবে সেঞ্চুরি পেলেও দলের এমন ব্যাটিং ধসকে নিজেদের ভুল হিসেবেই দেখছেন এই ওপেনার। তার মতে, টপ অর্ডারের ব্যাটাররা ইনিংস আরও বড় করতে পারলে বাংলাদেশের স্কোর ৪৫০ থেকে ৫০০ রানেও পৌঁছাতে পারত।

প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান পরদিন দ্রুতই পেয়েছেন কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তার প্রথম সেঞ্চুরি এটি। আগের দুটি শতরানই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

সেঞ্চুরির দিন শেষে সংবাদ সম্মেলনে তার কণ্ঠে বারবার ফুটে উঠল হতাশা, শোনালেন তিনি ভবিষ্যতে ভুল শোধরানোর আশা। ঘুরেফিরে বারবার বললেন আক্ষেপের কথাই। কারণ, এমন ধস নেমেছে দলের ব্যাটিংয়ে, সেখানে চাপা পড়েছে তার সেই ইনিংস।

সাদমানের বিদায় দিয়েই শুরু হয়েছিল সেই ধসের। দায়টা তাই নিজের কাঁধেই নিচ্ছেন তিনি। বারবারই বললেন, আরও বড় করা উচিত ছিল তার ইনিংস।

সাদমানের ইনিংসটি থামে ১০৫ রানে। এরপর লিটন কুমার দাস এক প্রান্তে থাকলেও অন্য প্রান্তে মুখ বদলেছে বারবার। শেষ ৭ উইকেটের পতন হয়েছে কেবল ৫১ রানের মধ্যে। চারশর আশায় দিন শুরু করা দল গুটিয়ে গেছে ২৭২ রানে।

এদিকে, দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।