
ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি দেশটি থেকে আনা ১০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকার প্রদর্শন করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা তেল চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেল বিজয়’ বলে দাবি করেন।
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। কে জানে, হয়তো খুব শিগগির দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে।
এর আগে গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ট্রাম্প।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে তেল চুক্তি হয়। ট্রাম্পের দাবি, এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে কয়েকশ কোটি ব্যারেল তেল সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই যুক্তরাষ্ট্র এই তেল পাচ্ছে।
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল পাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম শিগগির অনেক কমে আসবে।
তবে সমালোচকদের অভিযোগ, তেল চুক্তি নিয়ে তৎপরতা দেখালেও ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্পষ্ট নয়। মাদুরো আটক হওয়ার পর দেশটিতে আর নির্বাচনও হয়নি।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপসহ তার পররাষ্ট্রনীতিও সমালোচনার মুখে রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।