শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়
ছবি: সংগৃহীত

ঢাকা শহরের পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম জেলার একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনো জানা যায়নি।

জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’ ফেসবুক পোস্টে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল ইত্যাদি) এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। তাৎক্ষণিকভাবে কারিগরি কারণ জানা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনের প্রচেষ্টা অব্যাহত আছে।

পোস্টে আরও বলা হয়, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করে যাচ্ছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।’

‘দেশের উত্তরাঞ্চল সহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে , আজ বেলা ১১টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয় ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছিল ২৯৮ মেগাওয়াট। তবে এই ঘাটতির সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।

উল্লেখ্য, দেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।