দীপ্ত নিউজ
জাতীয়

আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
বাংলাদেশ বার কাউন্সিল।

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র–ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ হতে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, উল্লিখিত তারিখ হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বলেন, ‘আজ আমরা আইনজীবীদের তালিকাভুক্তি নিয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। সেখানে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০৩০ সাল থেকে এ বয়সসীমা কার্যকর করা হবে।‘

উল্লেখ্য, বর্তমানে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ছিল ২১ বছর। কিন্তু সর্বোচ্চ কোনো বয়সসীমা নির্দিষ্ট ছিল না।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও প্রযোজ্য হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।