
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) তা পরিশোধের আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন না দিয়ে বুধবার পরিশোধের নতুন তারিখ দেয়া হয়। বুধবারও বেতন না দিয়ে নানা টালবাহানা করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর জেরেই ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে আটটায় এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা প্রস্তাব উপেক্ষা করে অবরোধ অব্যাহত রাখলে একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ–২–এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে। তাদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তারা মহাসড়ক ছাড়েননি। পরে জনদুর্ভোগ এড়াতে ও যান চলাচল সচল করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।





