সোমবার, অক্টোবর ১২, ২০২৬
আন্তর্জাতিক

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি জানানোর পরপরই এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে।

এর আগে রবিবার (১১ অক্টোবর) দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপর একটি হামলার কথা জানায় জিএসিএ। সংস্থাটি জানায়, ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সংখ্যা বা আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এক টেলিভিশন বার্তায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের হামলাটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।