ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে।

রবিবার (১১ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ৫৪তম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সমাবর্তন সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম প্রণয়ন, সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সভায়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

সভায় উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অফিসপ্রধানেরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানায়, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হবে।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More