ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতেই তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার আগে ধ্রুব রাঠীকে আটক করা হয়েছিল। এর ফলে বিক্ষোভে অংশ নিতে পারেননি তিনি।
খবরে বলা হয়েছে, বিক্ষোভ কর্মসূচির আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬–তে অবস্থিত তার বাসভবন থেকে রাঠিকে আটক করা হয়েছিল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ দমনের সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী এবং কনটেন্ট ক্রিয়েটরসহ এদিন ৬ হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। রাঠি তাদের মধ্যে অন্যতম।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে।