ইরানে এবার স্থলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বেসামরিক জনগণ। রাজধানী তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও।
সোমবার (৫ অক্টোবর) রয়টার্স ভিডিও প্রতিবেদনে দেখা যায়, তেহরানে নারীদের অস্ত্র চালনা ও সামরিক প্রশিক্ষণের প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রবিবার (৪ অক্টোবর) মধ্য তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে সাধারণ নাগরিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণকেন্দ্রে তাদের প্রশিক্ষণ নিতে দেখা যায়।
এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত–ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করে ইরান। অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনীর কমান্ডার, বাসিজ বাহিনীর কর্মকর্তারা এবং ওই উদ্যোগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবিলার প্রস্তুতি হিসেবে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইরানি সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষার জন্য নাগরিকদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রয়টার্স জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার মধ্য দিয়ে ৭ মাসের সংঘাত শুরু হয়। ৮ এপ্রিলের একটি যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান হলেও এরপরও বিচ্ছিন্ন সংঘর্ষ চলতে থাকে।
এসএ