ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওঠা অভিযোগের মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

এরপর জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসন–২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা–২ থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের পর তিনি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।


বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন–২৩ এখন শূন্য হলো। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের বিধিবদ্ধ প্রক্রিয়া অনুযায়ী এই আসনে নতুন সদস্য নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More