দীর্ঘ প্রতীক্ষার অবসান পর সরকারি কর্মচারীদের নতুন পে–স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যান্য সুযোগ–সুবিধা ও ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।
জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী ২০টি গ্রেডের প্রারম্ভিক/নির্ধারিত মূল বেতন হলো:
| গ্রেড | আগের মূল বেতন | নতুন মূল বেতন |
| ১ম | ৭৮,০০০ | ১,৫৬,০০০ |
| ২য় | ৬৬,০০০ | ১,৩২,০০০ |
| ৩য় | ৫৬,৫০০ | ১,১৩,০০০ |
| ৪র্থ | ৫০,০০০ | ১,০০,০০০ |
| ৫ম | ৪৩,০০০ | ৮৬,০০০ |
| ৬ষ্ঠ | ৩৫,৫০০ | ৭১,০০০ |
| ৭ম | ২৯,০০০ | ৫৮,০০০ |
| ৮ম | ২৩,০০০ | ৪৬,০০০ |
| ৯ম | ২২,০০০ | ৪৪,০০০ |
| ১০ম | ১৬,০০০ | ৩২,০০০ |
| ১১তম | ১২,৫০০ | ২৫,০০০ |
| ১২তম | ১১,৩০০ | ২৪,৩০০ |
| ১৩তম | ১১,০০০ | ২৪,০০০ |
| ১৪তম | ১০,২০০ | ২৩,৫০০ |
| ১৫তম | ৯,৭০০ | ২২,৮০০ |
| ১৬তম | ৯,৩০০ | ২১,৯০০ |
| ১৭তম | ৯,০০০ | ২১,৪০০ |
| ১৮তম | ৮,৮০০ | ২১,০০০ |
| ১৯তম | ৮,৫০০ | ২০,৫০০ |
| ২০তম | ৮,২৫০ | ২০,০০০ |
পে-স্কেলের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
– কার্যকর তারিখ: ১ জুলাই ২০২৬।
– গ্রেড: আগের মতো ২০টি গ্রেড বহাল।
– সর্বনিম্ন মূল বেতন: ২০তম গ্রেডে ২০,০০০ টাকা।
– সর্বোচ্চ মূল বেতন: ১ম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা।
– সর্বনিম্ন গ্রেডে বৃদ্ধি: ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা- বৃদ্ধি ১৪২ শতাংশ।
– ১ম গ্রেডে বৃদ্ধি: ৭৮,০০০ টাকা থেকে ১,৫৬,০০০ টাকা- বৃদ্ধি ১০০ শতাংশ।
– ৯ম গ্রেড: ২২,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকা; এই গ্রেডে প্রবেশকারী বিসিএস কর্মকর্তাদের মূল বেতনও এ কাঠামোর আওতায় পড়বে।
– সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত: ১:১.৭৮, যা আগের ১:১.৯৪৫ থেকে কম।
– মূল বেতন বাস্তবায়ন: মোট তিন ধাপে।
– অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা: ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর করার সিদ্ধান্ত রয়েছে।
– প্রতিবন্ধী সন্তান ভাতা: বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা।
– উপকারভোগী: প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ ২৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সুবিধাভোগী।