‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা–ইয়াবা ফ্রীতে দিবো’, এমন ঘোষণা সংবলিত পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন।
পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মো. খোকনের নাম ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিষয়টি সবার নজরে আসে। এর আগে, সোমবার রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানোর ঘটনা ঘটে।
দেয়ালে সাঁটানো পোস্টারে লিখা, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা–ইয়াবা ফ্রিতে দিবো।’
‘বেকারদের জন্য গাঁজা তাহার, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল–কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা–পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে।’
পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা বিভিন্ন মন্তব্য করছেন।
বেলাল হোসেন অপেল নামের এক তরুণ পোস্টারের ছবি শেয়ার করে লেখেন, ‘আর কী বলব।’
মো. রাজু নামে একজন মন্তব্য করেন, ‘মাদক কত সহজলভ্য হলে এমন পোস্টার করা হয়।’
অন্যদিকে সজিব মাহমুদ নামে একজন লিখেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’
এ দিকে পোস্টারে নিজ নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ‘৫ দিন আগে আমার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে চড় মারে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্তুতি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
তিনি আরও বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি। যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ পেলে সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এসএ