ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় টাঙানো পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর প্রদর্শিত ছবি ছিঁড়ে ফেলেন।
পরবর্তীতে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবি নিচে পড়ে থাকতে দেখা যায়।
আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাঁকে ডাকসু সংগ্রহশালায় স্থান দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন ও ডাকসু নেতাদের জবাব দিতে হবে।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেম, শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি থাকা উচিত।’
জানা গেছে, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১–০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এর আগে, সংস্কার শেষে রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগ্রহশালা চালু করে ডাকসু। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ৩টি ছবি যুক্ত করা হয়।
এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এসএ