মাগুরা জার্নালিস্ট ফোরাম, ঢাকার আত্মপ্রকাশ

সভাপতি শাহিনুর, সম্পাদক রবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম, ঢাকা’।

ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম, ঢাকা’। সংগঠনটির প্রথম কমিটিতে চ্যানেল আইয়ের সাংবাদিক ও সংগঠক শাহিনুর ইসলামকে সভাপতি, এটিএন নিউজের সাংবাদিক রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনটির উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থাপনা করেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুণ্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পেশাগত উৎকর্ষ অর্জনে সংগঠনটি সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম, ঢাকা’। সংগঠনটি শুধু সাংবাদিকদের স্বার্থ ও কল্যাণেই কাজ করবে না; বরং মাগুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতেও কাজ করবে।

বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাগুরার সন্তানরা ঢাকার গণমাধ্যম অঙ্গনে নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবেন। পাশাপাশি মাগুরার উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই সংগঠন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More