গ্লোবাল ফোরামের উপদেষ্টা হলেন মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গ্লোবাল ফোরামের সম্মাননা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে আজ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন মেগাস্টার খ্যাত চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

দায়িত্ব গ্রহণের পর আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, তিনি গ্লোবাল ফোরামকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে চান। এ সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ ও সংযোগ স্থাপনের পাশাপাশি সংগঠনটির কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে হোটেল ৭১এর চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মতিন প্রধান বলেন, গ্লোবাল ফোরামের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বিনোদন ও সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরতে চান তিনি। দেশের সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে বিশ্বের মানুষের আরও গভীর যোগাযোগ তৈরিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি প্রচ্ছদ চৌধুরী বলেন, সারাদেশের জ্ঞানী, গুণী ও প্রতিভাবান ব্যক্তিদের সম্পৃক্ত করে গ্লোবাল ফোরামকে এগিয়ে নিতে চান তারা। ভবিষ্যতে সংগঠনটিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

সংগঠনের সেক্রেটারি মাহবুবা নাকি বলেন, কবিতা, সংস্কৃতি, আবৃত্তি ও সাহিত্যচর্চার প্রসারে গ্লোবাল ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা ও প্রসার আরও বাড়ানোর দিকে তিনি বিশেষভাবে নজর রাখবেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার মাধ্যমে গ্লোবাল ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশের সংস্কৃতি ও সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More