আগামী ২৬ আগস্ট (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদ দেখা কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডশেন।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।
শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট সারাদেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা–কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না।
জনসেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে রয়েছে আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনী, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এছাড়া জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি সরবরাহ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকেন।
অন্যদিকে, টির দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করেন।
এসএ