বাসর রাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল বরের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আনাস (২৫) নামের এক যুবক। ওই সময় তার বাড়িতে চলছিল বিয়ের আয়োজন, আর ঘরে ছিলেন নববধূ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচগানের আয়োজন করা হয়।

এরই মধ্যে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কীভাবে ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগের ত্রুটি তৈরি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিয়ের বাড়িতে নেমে আসে কান্নার মাতম।

আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, মৃত্যুর এক দিন আগে ১৯ আগস্ট আনাসের সঙ্গে তার দেখা হয়েছিল। আনাসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি শোক প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More