সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ–সুবিধা পাবেন।
অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন— র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব–২–এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
এ ছাড়া ৪৯ জন পুলিশ পরিদর্শককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।