সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহ (রহ.) মাজারে বৃহস্পতিবার রাতে গানের আসরে মুগ্ধতা ছড়িয়েছিলেন বাউল শিল্পী পেহলি ভৈরবী। কিন্তু সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে আসে শোকাবহ খবর।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ‘ইউনিক পরিবহন‘ ও ‘বেঙ্গল পরিবহন‘ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এই শিল্পী।
বাউল শিল্পী পেহলি ভৈরবী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে বাউল শিল্পী পেহেলী ভৈরবী ফেসবুক পোস্টে লিখেন, “আসসালামু ওয়ালাইকুম…! সবাই কেমন আছেন আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রাম এ যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগি বাজার। হযরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো, ধন্যবাদ।”
গানের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশ্বনাথ উপজেলার এক বাসিন্দা জানান, ‘আমি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তার বেশ কিছু ভিডিও ধারণ করেছি এবং লাইভও দিয়েছি। আমরা জানি, তার বাড়ি ভৈরবে। এর আগেও তিনি এ মাজারে এসে গান গেয়েছেন।’
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহন দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৮ জনের মৃত্যু হয়। ঘটনার পর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএ