প্রাথমিকে বাধ্যতামূলক হচ্ছে ‘মার্শাল আর্ট’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এরই অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে যেকোনো সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে।’

তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য উল্লেখ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বক্তব্যে প্রতিমন্ত্রী নিজের কারাতে চর্চার স্মৃতিচারণা করেন। তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর কারাতে চর্চা শুরু হয়েছিল। সেই সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাঁকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের মধ্যে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি কৃতী কারাতেকাদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More